
খোকসা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। আহত মুল্লুক মণ্ডল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন এবং মুল্লুক মণ্ডল গুরুতর আহত হন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে জেলা পুলিশের একাধিক টিম তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে কাজ করছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান চলছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।