
মোহাম্মদ আলী
খোকসা উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার খোকসায় পবিত্র জুমার খুতবায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. আফজাল হোসেন। শুক্রবার উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশলিয়া জামে মসজিদে এই খুতবা প্রদান করা হয়।
খুতবা প্রদানকালে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একজন প্রকৃত ইমানদার হিসেবে নিজেকে গড়ে তুলতে ইসলামের বিধিবিধান পালনের গুরুত্ব তুলে ধরা হয়। মানুষের নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই এবং প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনে সৎ ও ন্যায়ের পথ অনুসরণ করা কতটা জরুরি, সে বিষয়ে আলোকপাত করা হয়।
সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে মাদকের ভয়াবহতা তুলে ধরে বর্তমান সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের প্রবেশকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে আখ্যায়িত করা হয়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে অবিলম্বে মাদক নির্মূল করার প্রয়োজনীয়তা এবং এই কাজে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সবশেষে, সবাই মিলে ইসলামের প্রকৃত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জুমার এই জামাতে স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।