
মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে আল হেরা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ৯ জন শিক্ষার্থীর পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে মাদরাসার নিজস্ব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও মুসল্লিদের উপস্থিতিতে এক ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী খান আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন এবং স্থানীয় মসজিদের খতিব মাহমুদ শরীফ।
মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস ও খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক।
বক্তারা বলেন, কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খান আতিকুর রহমান সবুজ বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজের বিত্তবানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এগিয়ে আসা উচিত।” তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।