
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে সুপেয় পানির সংকট দূর করতে স্থানীয় বাসিন্দাদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়।
গত শনিবার দুপুরে পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা বিপুল মৃধার হাতে আনুষ্ঠানিকভাবে টিউবওয়েল তুলে দেওয়া হয়।
এ সময় পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। জনসেবামূলক কাজের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব করার ওপর তারা জোর দেন।
টিউবওয়েল পেয়ে উপকারভোগী বিপুল মৃধা আনন্দ প্রকাশ করে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় জনতাও এই কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও এলাকার জনসাধারণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।