
ডেস্ক রিপোর্ট:
পাবনা থেকে ঢাকাগামী নতুন ট্রেনের ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতির খবরে স্থানীয়দের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তবে এরই মধ্যে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি আর ঈশ্বরদী রুটে না চালিয়ে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর ও পদ্মা সেতু হয়ে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
রেলওয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য সামনে এসেছে। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী হয়ে চলাচল করা গুরুত্বপূর্ণ এই ট্রেনটির রুট পরিবর্তনের খবরে স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সূত্রের দাবি, চিত্রা এক্সপ্রেসের নতুন রুট নির্ধারণ নিয়ে রেলভবনে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়েছে। সেখানে ঈশ্বরদীকে বাদ দিয়ে কুষ্টিয়া ও রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ট্রেনটি পরিচালনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করেও বিষয়টির প্রাথমিক সত্যতা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
সম্ভাব্য এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, ঐতিহ্যবাহী ঈশ্বরদী জংশনের গুরুত্ব বিবেচনায় নিয়ে চিত্রা এক্সপ্রেসের আগের রুট বহাল রাখতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় নাগরিক প্রতিনিধিরা।
ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু এ বিষয়ে বলেন, রেলওয়ের এমন সিদ্ধান্ত স্থানীয় জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। রুট পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, এর আগেও খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেসকে ঈশ্বরদী জংশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসও এ জংশন এড়িয়ে চললে ঈশ্বরদী থেকে সরাসরি ঢাকায় রেল যোগাযোগের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ঈশ্বরদীকে বাদ দেওয়া হলে এখানকার মানুষের সরাসরি ঢাকায় যাতায়াতের সুযোগ কার্যত বন্ধ হয়ে যাবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সাধারণ যাত্রীদের ভোগান্তিও বাড়বে।
এদিকে বিষয়টি নিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, চিত্রা এক্সপ্রেসকে ঈশ্বরদী থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। তবে রেলভবনে এ নিয়ে বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন