
নরসিংদী সাব রেজিস্টার অফিস থেকে জেলখানা মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক সাব রেজিস্টার অফিসের সামনে থেকে জেলখানা মোড় পর্যন্ত রাস্তাটির দীর্ঘ কয়েকমাস ধরে চরম বেহাল দশা বিরাজ করছে। সড়কের বড় বড় গর্ত ও ভাঙাচোরার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।
স্থানীয়রা জানান, গত ৪-৫ মাস ধরে এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে, যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, যার মধ্যে সাব রেজিস্টার অফিসে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীও রয়েছেন। সড়কটি দিয়ে কয়েকশ যানবাহন নিয়মিত চলাচল করে, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা রাস্তাটির কারণে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগী সাধারণ মানুষ ও এলাকাবাসীর একমাত্র দাবি, সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। তাদের প্রত্যাশা, নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খাইরুল কবির খোকন এবং স্থানীয় প্রশাসন যদি এই রাস্তাটির প্রতি সুদৃষ্টি দেন, তবে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হবে এবং জনগণের ভোগান্তি দূর হবে। সড়কটি দ্রুত চলাচল উপযোগী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
মোঃ দুলাল মিয়া, নরসিংদী জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক সবার আগে।