
গাজীপুর প্রতিনিধি
জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (১ জুলাই ২০২৬) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে বাংলাদেশসহ ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া,কেনিয়া,সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান,কাতার,শ্রীলঙ্কা,তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পরিদর্শন উপলক্ষে ব্রির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি এবং সাম্প্রতিক সাফল্য বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। উপস্থাপনা শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তাদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড.আমিনুল ইসলাম। এ সময় ব্রির বিভাগীয় ও শাখা প্রধান,ঊর্ধ্বতন বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দলটি ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন গবেষণাগার (Plant Breeding Lab) এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ব্রির গবেষণা কার্যক্রম, উন্নত ধানের জাত উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানের অবদান সম্পর্কে বিস্তারিত অবহিত হন। প্রতিনিধি দলের সদস্যরা ব্রির গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।