
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নৌর নদী থেকে নেটপাটা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে পাইকগাছা পৌর বিএনপির সভাপতি ও চাঁদখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসলাম পারভেজ-এর আহ্বানে শত শত বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নৌর নদীতে স্থাপিত নেটপাটার কারণে বর্ষাকালে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে গত বছরের অতিবৃষ্টিতে চাঁদখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং শত শত বিঘা কৃষিজমির ফসলের পাশাপাশি বহু ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত বছরের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নেটপাটা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আসলাম পারভেজ বলেন, “মানুষের দুর্ভোগ লাঘব এবং নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে যাতে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে না পড়তে হয় এবং কৃষকের ফসল রক্ষা পায়, সে লক্ষ্যেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নেটপাটা অপসারণ করা হচ্ছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বর্ষার আগে নদী থেকে এ ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হলে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
স্থানীয়রা নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।