
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ২ জুলাই (বুধবার) দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ ক্যাম্প, যেখানে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
এ উদ্যোগ গ্রহণ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি। ক্যাম্পটি পরিচালনা করবে খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের পরবর্তী চিকিৎসা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকরা জানান, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা উপজেলা সদরে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আ. মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, মেছের আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।