
মোহাম্মদ কামাল হোসেন : নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদক সেবন ও কারবারে বাধা দেওয়ায় মো. আবু তাহের নামের এক স্থানীয় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।আহত মো. আবু তাহের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আমিরগঞ্জ ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতির দায়িত্বে রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যার দিকে ৬ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত রামদাসসহ দেশীয় অস্ত্র নিয়ে খলাপাড়া এলাকায় আবু তাহেরের বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হঠাৎ হামলা চালায়।মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।পরে তারা দোকান ভাঙচুর করে দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারী ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে এর আগেও এলাকায় বিভিন্ন অপরাধে ১০ থেকে ১১টি মামলা রয়েছে।ঘটনার পর থেকে মামলা না করতে এবং আইনি পদক্ষেপ থেকে দূরে রাখতে তারা ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।স্থানীয়রা জানান, ভুক্তভোগী আবু তাহের স্থানীয় সংসদ সদস্যের পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ও অত্যন্ত আস্থাভাজন।ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবিহিত করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।