
রাজীব আহমেদ রাজু :
ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কার পথে যাত্রাকালে সৌদি আরবে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুঠিয়া গ্রামের বাসিন্দা ও আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার মেয়ে জারা আক্তার (১৫) এবং ছেলে তাসবিক (২০)।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম এবং বড় ছেলে নাবিল। তাদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, “আমার ভগ্নিপতি শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। পরিবারের সবাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। পথে এই দুর্ঘটনায় আমরা প্রিয়জনদের হারালাম।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সালথা উপজেলার পুঠিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি। প্রবাসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
স্থানীয়রা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।