মোঃ শাহাদৎ হোসেনঃ স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনরায় চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। পুরো সময়জুড়ে স্টেশন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আন্দোলনকারীরা দাবি জানান, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির শামসুদ্দিন আহমাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিলাল এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির প্রমুখ।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচির পর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৭ জুনের মধ্যে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর আশ্বাস দেন।
পরে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শাকিল আহমেদ তিয়াস। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শামসুদ্দিন আহমাদ বলেন, কুমারখালী স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।