মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আট জেলার আটটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ২ নভেম্বর পোড়াদহ ক্রীড়া সংস্থার ফুটবল মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের আয়োজন করেছে পোড়াদহ ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ খুলনার সান স্পোর্টিং ক্লাব। দুই দলের লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক খেলা শুরু হবে।
এতে অংশ নিচ্ছে কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নীলফামারীর আটটি দল। দলগুলো হলো—পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব, সান স্পোর্টিং ক্লাব, মা-মণি ফুটবল একাডেমি, খেলোয়াড় উন্নয়ন সমিতি, মেহেদী এগ্রো ফুট, টু স্টার ফুটবল একাডেমি, আলমডাঙ্গা মডেল স্পোর্টস ও নীলফামারী জেলা ফুটবল একাদশ।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের।
আয়োজকদের মতে, খেলাধুলার প্রসার, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আট জেলার দল অংশ নেওয়ায় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা। পাশাপাশি বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।