
খোকসা উপজেলা সংবাদদাতা
জ্বালানি সংকটের এই সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল পুড়িয়ে জাতীয় সম্পদের অপচয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মতামত ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত লংমার্চে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল খরচ হতে পারে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অযৌক্তিক। শুরুতে জ্বালানি সংকটের কথা বলে কর্মসূচি ঘোষণা করা হলেও এখন এর উদ্দেশ্য হিসেবে গণরায় বাস্তবায়নের কথা বলা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ ইতোমধ্যে সংস্কারের পক্ষে তাদের রায় প্রকাশ করেছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমেই তা বাস্তবায়ন সম্ভব। এই প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলকেও কমিটিতে আহ্বান জানানো হয়েছে।
পরে তিনি খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভায় যোগ দেন। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।