
মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ ময়না, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া এবং উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব।
এ সময় বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউনুস আলী, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আছাদুল ইসলাম, প্রকাশ ঘোষ বিধান, মাস্টার আব্দুল ওহাব এবং অধ্যক্ষ আজহার আলী।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।