"নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত"
জাতীয় দৈনিক সবার আগে নরসিংদী জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া।
নরসিংদীর কামারগাঁও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জুলাই ২০২৬ রোজ সোমবার অপরাহ্নে কামারগাঁও শাহী ঈদগাহ্ মাঠে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় 'কামারগাঁও এলাকাবাসী'।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপসহ এ বিষয়ে জেলা পুলিশের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এ আর এম আল মামুন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ কামারগাঁও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।